আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত কাজ করার জন্য অনেক কাজ বাকি। আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছে।’

‘আপনারা জানেন একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকার। তারা গোটা দেশকে, গোটা জাতীকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল। তাদের হাত দিয়ে বার বার গণহত্যা করেছে’, বলেন তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার বাবা বাকাশাল কায়েম করেছিল—আর এবার সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিল। তার নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে—তাদের হত্যা করেছে। তাদের বিচার হবেই, ইনশাল্লাহ।

বিএনপির মুখপাত্র বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিলো না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা-সমাবেশ করতে পারতাম না। সব সময় আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে।’

‘আমরা এ পর্যায় অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমার আশা করি, এ নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’

নারায়ণগঞ্জে যে শামীম ওসমানের মাফিয়া রাজত্ব ছিলো—তা ভেঙে একটি মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলার কথা জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও দাবি তার।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেয়ার কথা বলেন রিজভী

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ