আটলান্টিক থেকেও শেখ হাসিনার পতনের আওয়াজ উঠেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
শুধু দেশে নয় দেশের বাইরের আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর থেকেও এই বর্বর কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের আওয়াজ উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জনগণের ক্ষমতা এখন পুলিশের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হয়েছে সেখান থেকে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য বিএনপির এক দফা আন্দোলন। সকাল থেকেই এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা মাত্র একটি দাবি, একটি প্রত্যয়, একটি অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছি; সেটি হলো এই বর্বর নিষ্ঠুর শেখ হাসিনার সরকারের পদত্যাগের জন্য। তার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমার আপনার নিরাপত্তার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি এক দফার আন্দোলন করছে। সেই এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজকের এই গণমিছিল। এই মিছিল থেকে আপনার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ তুলুন শেখ হাসিনার পদত্যাগের জন্য।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে তানভীর আহমেদ রবিন ও লিটন মাহমুদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, ডা. জাহিদ হোসেন, জয়নুল আবেদীন, আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. আসাদুজ্জামান রিপন, মীর সরফত আলী সপু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ