আদালতে সালমান ও আনিসুল হকের উপর ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকালে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম কোর্ট নেওয়া হয়। ৬টা ২৫ মিনিটে আদালত প্রাঙ্গণে আনিসুল ও সালমানকে বহনকারী প্রিজনভ্যান পৌঁছলে শত শত সাধারণ জনতা ও আইনজীবী আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন।
গতকাল রাতে গ্রেফতার হওয়ার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ