আদালতের ঘাড়ে বন্দুক রেখে এর দায় মুক্তি চায় সরকার' - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদালতের ঘাড়ে বন্দুক রেখে এর দায় মুক্তি চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ন্যায্য দাবি, যৌক্তিক দাবি নিয়ে আজকে হাজার হাজার ছাত্র-ছাত্রী রাজপথে রয়েছে। সরকার এই ন্যায্য দাবি, যৌক্তিক দাবিটাকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এর দায় মুক্তি চায়। দেশের তারুণ্য এখনো রাজপথে আছে অথচ সবচেয়ে ন্যায্য লড়াই মুক্তির লড়াইটা এখনো গড়ে উঠছে না।

মঙ্গলবার (৯ জুলাই ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ভারতের সাথে দেশবিরোধী গোলামী চুক্তির প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দেশে কোন একটা দিয়াশলাইয়ের দাম যদি সকালে হয় পাঁচ টাকা বিকেলে সেটার দাম হয়ে যায় দশ টাকা। তারপরও শত শত লোক নামে না যে কেন দাম বাড়ানো হলো। আমরা সবাই বলি দাম বাড়ছে সিন্ডিকেটের কারনে। কই তাহলে সিন্ডিকেটের জন্যতো মিছিল কেউ করছে না। এটা কেন বলছি জানেন, কারন আমাদের নিজেদের ভাবা দরকার এটাইতো সেই তারুণ্য যে এই দেশের স্বাধীনতার পতাকা তুলেছিল। পাকিস্তানি সৈন্যের সামনে রক্তের নদী বয়ে গিয়েছিল তবুও কেউ সেই পতাকা নামাতে পারেনি। সেই ইতিহাস কে রচনা করেছে, এই দেশের তারুণ্য। সেই যুবক সেই তারুণ্য এখনো রাজপথে আছে অথচ সবচেয়ে ন্যায্য লড়াই মুক্তির লড়াইটা এখনো গড়ে উঠছে না। আমরা এখনো একজন আরেকজনকে মন খুলে বলতে পারছিনা যে আপনার এই ভুলের কারনে এই কাজ হয়নি। এখনো আমরা খোলাখুলি খোলাখুলি বলতে পারছিনা, আলোচনার মাধ্যমে ঠিক করতে পারছিনা যে অতীত আমরা কি ভুল করেছিলাম।

সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্ববান জানিয়ে তিনি বলেন, আমাদের আবার দাঁড়াতে হবে। সেটা ২৮ অক্টোবর হোক বা যেকোনো সময় হোক। আগে যেরকমভাবে দাঁড়িয়েছিলাম সেভাবেই দাঁড়াতে হবে। সর্বব্যাপী যুগপৎ করতে হবে আমাদের।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ন্যায্য দাবি, যৌক্তিক দাবি নিয়ে আজকে হাজার হাজার ছাত্র-ছাত্রী রাজপথে রয়েছে। সরকার এই ন্যায্য দাবি, যৌক্তিক দাবিটাকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এর দায় মুক্তি চায়। আমি পরিস্কারভাবে বলতে চাই উচ্চ আদালতের ঘাড়ে রেখে এই সংকটের সমাধান করা যাবে না। এটা আইনগত কোন বিষয় না। এটা রাষ্ট্র এবং সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের একটি বিষয়। তাই আমি আজকে বলতে চাই কোটা সংস্কারের যে দাবি যেটা আজকে গণ দাবিতে পরিনত হয়েছে, যে ব্যাপারে জনগণের ঐক্যমত তৈরি হয়েছে নীতিগতভাবে সেটা মেনে নেয়া দরকার। এখানে প্রয়োজনে একটি কমিশন গঠন করে সংশ্লিষ্ট মহলের সাথে আলাপ আলোচনা করে সমগ্র কোটা ব্যবস্থার একটা যৌক্তিক, গণতান্ত্রিক সংস্কার করা দরকার।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তিনি বলেন, আমার স্বাধীন জাতি রাষ্ট্র, আমার দেশের রাষ্ট্রপ্রধান… রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা কোথায় কোন দেশে যাবেন সেটাতো আমাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বললেন তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন তারা (সরকার) ভারত সফরের পর চীন সফরে যাবেন। এক্ষেত্রে তারা টেকনোক্রেট অনুমতি নিয়েছেন। বাংলাদেশ সরকারকে চীন সফরের জন্য আগে ভারতের অনুমতি নিতে হয়েছে। ভারতের ভিসা আগে তাদের সংগ্রহ করেছে। এটাতে প্রধানমন্ত্রী কেবল নিজেকে এবং সরকারকে ছোট করেনি তারা পুরো দেশ এবং জনগনের মুখে চুনকালি মেখে দিয়েছে।

সরকারকে উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, এই ২০২৪ সালে আপনারা ঠান্ডা মাথায় সচেতনভাবে বাংলাদেশের মানুষ যে এজেন্ডাগুলো দেখতে চেয়েছিল সেগুলোর কোন দর কষাকষি ছাড়াই তারা ঢাকায় ফিরে আসলেন। এবং বাস্তবে প্রধানমন্ত্রী কোন কিছু ছাড়াই দেশে ফিরে এসেছেন। ভবিষ্যতে প্রধানমন্ত্রী অভিমানের সুরে বলবেন আমরা আর কী বাকি রেখেছি ভারতকে দেবার। তার মানে বাস্তবেই তারা আর কিছু বাকি রাখেনি ভারতকে দিতে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,গনফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন. জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধানসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ