আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই : ড. মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই : ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকারকে হত্যা করেছে। এটা কি শুধু আমরা বলি, সাধারণ জনগণও বলে। শুধু তাই নয়, আজকে আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমেরিকায় এর আগে গণতান্ত্রিক সম্মেলন হয়েছিল, বাংলাদেশ দাওয়াত পায়নি। আবার নতুন করে আরেকটি ডেমোক্রেটিক কাউন্সিল হচ্ছে, সারা পৃথিবীর গণতান্ত্রিক দেশ আমন্ত্রিত হয়েছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। তার অর্থ এই যে, এ দেশের জনগণের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বও বুঝতে পেরেছে এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে না।’

আওয়ামী লীগ রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে বিএনপি ঘোষিত কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিয়ে রাস্তায় থাকার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, তাতে কোনো লাভ হচ্ছে না। আজকেও ঢাকা শহরে তারা শান্তি সমাবেশ করেছে। খবর নিয়ে দেখেন, কয়টা মানুষ সেখানে গিয়েছে। জনগণ আর তাদের সমাবেশে যায় না। কারণ জনগণ এ পর্যন্ত প্রতারিত হয়েছে, বার বার প্রতারিত হয়েছে। আর আওয়ামী লীগ দ্বারা প্রতারিত হতে চায় না। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে দলের অবস্থান পুনরায় জানান ড. মোশাররফ।

ক্ষমতাসীনদের সমালোচনা করে সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, মেগা দুর্নীতি, লুটপাট করে জনগণের উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কণ্ঠরোধ করা হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে বিএনপির এই পদযাত্রা। আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আওয়ামী লীগ পায়ে পা দিয়ে সংঘর্ষ লাগাতে চায়। কিন্তু বিএনপি কোনো ফাঁদে পা দেবে না।’

তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না। সুতরাং গণদাবি মেনে সংবিধান সংশোধন করতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। অন্যথায় রাজপথে ফয়সালা হবে। ‘৫২, ‘৭১, ’৯০-তে রাজপথে ফায়সালা হয়েছিল, ২০২৩ সালেও তাই হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল, তাবিথ আউয়াল, সাইফুল আলম নীরব, হাসান জাফির তুহিন, মুনসী বজলুল বাসিত আনজু, আনোয়ারুজ্জামান আনোয়ার, এসএম জাহাঙ্গীর হোসেন, সুলতানা আহমেদ, এসএম জিলানী, রাজিব আহসান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অনেকে।

পরে উত্তরার জসিম উদ্দিন মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ