আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মিজান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বাড্ডা এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১ টায় পূর্ব বাড্ডা ইউসুফ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, এমদাদুল গত ২০ জুলাই সকাল আনুমানিক ১০:৩০ টায় উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। উক্ত শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে এমদাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
বাড্ডা থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তার মিজানের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
জনতার আওয়াজ/আ আ