আপনারা প্রস্তুত থাকুন: দিনাজপুরে বিএনপি নেতা মিনু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দিনাজপুর শহরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৪ ডিসেম্বর) সকালে শুরু হওয়া এই গণমিছিল পুলিশী বেষ্টনীর মধ্যদিয়ে শেষ হয়েছে। মিছিলটি সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারো বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
গণ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু,বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মিজানুর রহমান মিনু বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করে আজকের এইদিনে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দিনে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। আপনারা প্রস্তুত থাকুন।
জনতার আওয়াজ/আ আ