আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে তা করুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে তা করুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশব্যাপী চলমান যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-কে স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। একইসঙ্গে চলমান এই অভিযানে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক মাঠে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সারা দেশে ভাঙচুর ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার গঠনের ৬ মাস পরে এসে এই ধরনের ভাঙচুর কেন? আমরা তো একটি সভ্য জাতি। এই ধরনের বিশৃঙ্খলা আমরা জাতি হিসেবে কখনোই প্রত্যাশা করি না। এর দায়ভার কে নেবে? এই দায়ভার আপনাদেরই (অন্তর্বর্তী সরকার) নিতে হবে।

এসব বিশৃঙ্খলা দূর করতে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন, আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে তা করুন। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন; সেই নির্বাচনটি যত দ্রুত দেওয়া হবে তা সবার জন্যই মঙ্গল।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, প্রশাসনে এখনো কোনো স্থিতিশীলতা আসেনি। আজকে দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিচার বিভাগেও গতিশীলতা ফিরে আসেনি। দেশবাসীর আজ প্রশ্ন, তাহলে এ সরকার গত ৬ মাস ধরে কী করল?

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা তখনই পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব, যখন এ দেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। সেই নির্বাচিত সরকার ৩১ দফা রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার বারবার বলছে সংস্কার করার পর নির্বাচন দিচ্ছি। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। যুগের পর যুগ এটা চলতে থাকবে। তার মানে কি যুগের পর যুগ নির্বাচন হবে না? নির্বাচন হতে হবে। গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়।

শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আকতার হোসেন, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহীন, হাজি মো. ইউসুফ, মো. শাহআলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ