আফগানিস্তান সফরে মামুনুল হকের নেতৃত্বে ওলামা প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আফগানিস্তান সফরে মামুনুল হকের নেতৃত্বে ওলামা প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইমারাতে ইসলামিয়ার (তালেবান সরকার) রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধি দলটি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছায়। সফরকালে তারা ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।


জানা গেছে, বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলটি আফগানিস্তানে বাস্তব পরিস্থিতি সরাসরি পরিদর্শন করবেন।

সফরের অন্যতম উদ্দেশ্য হলো- বাংলাদেশ ও আফগানিস্তানের আলেম সমাজের মধ্যে সম্পর্ক উন্নয়ন, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারকরণ এবং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সাথে এক সভায় মিলিত হন।

ওমরাহ পালন শেষে প্রতিনিধি দল দুবাই হয়ে কাবুলে পৌঁছায়। সফরের অংশ হিসেবে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরো কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

এই সফরকে দুই দেশের ধর্মীয় ও সামাজিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ