আফ্রিকান শিল্পীর কণ্ঠে চঞ্চলের ‘সাদা সাদা কালা কালা’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র দাপট ক্রমশ বাড়ছে। অভিনেতার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। গতকাল (৩০ এপ্রিল) তারই প্রমাণ মিলল। অভিনেতা নিজেই জানালেন, বাংলাদেশ-ভারতের পরে আফ্রিকাতেও ‘হাওয়া’ পৌঁছে গেছে। সৌজন্য সেখানকার শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। তিনি সামাজিক পাতায় বিশুদ্ধ বাংলায় গেয়েছেন ছবির জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’। সঙ্গী শুধুই গিটার। শুনে চঞ্চল মুগ্ধ।
বিদেশি কণ্ঠে নিজের ছবির গান, রবি ঠাকুরের গান শুনে চমকে গিয়েছেন চঞ্চল। সেকথা তিনি প্রকাশও করেছেন। নিজের সামাজিক পাতায় লিখেছেন, হঠাৎ আজ ফেসবুকে ওঁর গান শুনলাম। তাও আবার বাংলা গান! ‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’, মেঘদলের ‘এ হাওয়া’, রবীন্দ্রনাথের ‘আমারও পরান যাহা চায়’সহ অনেক গান।
এরপর সামাজিক মাধ্যমে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন চঞ্চল। ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসাও জানান। গান শুনে চঞ্চলের উপলব্ধি, ‘এত চমৎকার মায়া ওঁর গায়কিতে, প্রাণটা জুড়িয়ে গেল। শিল্পের শক্তি বোধহয় এটাই। ভিনদেশি একজন অবাঙালি সুরের জালে আটকা পড়ে বাংলা গান গাইছে। কী অসাধারণ!
শিল্পীও চঞ্চলকে ধন্যবাদ জানাতে ভোলেননি। জৌটেন লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক। আমি আপনার অভিনয়ের বড় ভক্ত। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা’ গান গাওয়ার একটি ভিডিও দেখে অনুপ্রাণিত। ভিডিওটি কয়েকবার দেখার পর গানটি গাইব বলে সিদ্ধান্ত নিই।
জনতার আওয়াজ/আ আ