আবারও বাংলাদেশের লঙ্ঘিত মানবাধিকারের চিত্র উপস্থাপিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

সেপ্টেম্বর ১২, ২০২২, তারিখে জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিস নাদা আল-নাসিফ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫১তম সেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। উক্ত বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বর্তমান মানবাধিকারের অবস্থা এবং এ সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের সুষ্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে গত মাসের জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের এযাবতকালের প্রথম বাংলাদেশে পর্যবেক্ষণে যেয়ে সেখানে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প এবং মানবাধিকার পরিস্থিতির উপরে বিভিন্ন পর্যায়ের কর্তৃপক্ষের সাথে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছিল।
ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে আরো উল্লেখ করেছেন যে গতমাসে বাংলাদেশ সফরের সময় হাইকমিশনার বাংলাদেশের মতপ্রকাশের উপর প্রতিবন্ধকতামূলক আইনের সংস্কারের জন্য তাঁর অফিসের পূর্ণ সহযোগিতার প্রস্তাব রাখেন। একই সাথে হাইকমিশনারের সফরের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক, বিশেষ করে র্যাব কর্তৃক গুমসহ সকল মানবাধিকার লংঘনের বিষয়ে একটি বিশেষায়িত মেকানিজমের মাধ্যমে তদন্ত করার আহবান জানান।
ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন যে পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মেরুকরণের যে পরিবেশ বিরাজমান সে অবস্থায় সরকারকে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভাসমাবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য বলেন।
তিনি আরো উল্লেখ করেন, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং ভিক্টিম পরিবারের সদস্যদের কোনো প্রকার নিবর্তন অথবা নিষেধাজ্ঞায় রাখা যাবে না যাতে করে তাদের মানবাধিকারের পক্ষে কথা বলা ব্যাহত না হয়।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট আসাদুজ্জামান বলেন যে জাতিসংঘের পক্ষ থেকে সুষ্পষ্ট এই প্রতিবেদন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য মাইলফলক। বিএনপি অতিসত্ত্বর জাতিসংঘের তত্ত্বাবধানে খুনগুমসহ যাবতীয় মানবাধিকার লংঘনের নিরপেক্ষ তদন্ত চায়, দোষীদের আইনের আওতায় আনার আহবান করে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পতত্যাগ এবং অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়।
জনতার আওয়াজ/আ আ