আবারও সমঝোতার নির্বাচন জনগণ মানবে না: বুলবুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও সমঝোতার নির্বাচন জনগণ মানবে না: বুলবুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ

 

ছবি সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
আবার কোনো সমঝোতার নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানী করলে তাদের পরিণতি পতিত আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

রবিবার (১৫ জুন) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহানগর অফিসে কর্মপরিষদ সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নানসহ ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। ১/১১ সরকারের সাথে আওয়ামী লীগ সমঝোতার মাধ্যমে ২০০৯ সালে যেভাবে ক্ষমতা দখল করে অনূরূপ আবারও সমঝোতার নির্বাচন হলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। ছাত্র-জনতার রক্তের সাথে যারা বেঈমানী করবে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়াভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনূসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

ইরানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বুলবুল বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে এবার আন্তর্জাতিক সব আইন ও নীতি লঙ্ঘন করে গভীর রাতে ইরানের ওপর হামলা করে হত্যাযজ্ঞ চালিয়েছে। মুসলিম উম্মাহর স্বার্থে এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ