আবু সাঈদ হত্যা মামলা ২৬ আসামিকে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি:সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ২৬ আসামিকে গ্রেফতারের মাধ্যমে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেনÑঅবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন সকালে এ মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেনÑএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ময়নুল করিম ও মিজানুল ইসলাম।
এর আগে ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক ২৬ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আসামিরা না আসায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে হাজিরা নিশ্চিতের নির্দেশ দেন আদালত। আগামী ২২ তারিখের মধ্যে একটি বাংলা এবং একটি ইংরেজী জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়। এ ঘটনায় মোট ৩০ জনকে আসামি করা হয়।
জনতার আওয়াজ/আ আ