আবেদনের এক ঘণ্টার মধ্যে ট্রাভেল পাস পেতে পারেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করলেই এক ঘণ্টার মধ্যে তা দেওয়া সম্ভব। বাংলাদেশ হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে, আবেদন জমা দিলেই ট্রাভেল পাস ইস্যু করা যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের ট্রাভেল পাস এখন “স্বাক্ষর আর সিলের” ব্যাপার মাত্র। আবেদন করতে হলে হাইকমিশনের নির্ধারিত ফরম পূরণ করতে হবে এবং সঙ্গে ছবি, পুরাতন পাসপোর্টের কপি বা নাগরিকত্ব সনদের কপি লাগবে।
সূত্র জানায়, তারেক রহমানের পক্ষে এখনো কোনো আবেদন জমা হয়নি। তবে ঘনিষ্ঠ দুইজন বিএনপি নেতা হাইকমিশনে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন ট্রাভেল পাস পেতে কত সময় লাগবে। হাইকমিশন জানিয়েছে, সর্বোচ্চ এক ঘণ্টায় এটি দেওয়া সম্ভব।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন থেকে দুইজন চিকিৎসক বাংলাদেশে আসবেন। এজেড এম জাহিদ হোসেন জানান, তারা খালেদা জিয়াকে দেখার পর প্রয়োজন হলে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের কোনো বাধা নেই। ট্রাভেল পাস বা পাসপোর্টের কোনো জটিলতা হওয়ার কথা নয়।
গত ২৯ নভেম্বর তারেক রহমান ফেসবুকে লিখেছেন, “সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আমার নেই।”
জনতার আওয়াজ/আ আ