আমরা কোনো ভোট জালিয়াতির প্রমাণ পাইনি: ডাকসু নিয়ে রিটর্নিং অফিসার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা কোনো ভোট জালিয়াতির প্রমাণ পাইনি: ডাকসু নিয়ে রিটর্নিং অফিসার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সলিমুল্লাহ মুসলিম হলের রিটার্নিং অফিসার ও সাদা দলের কলা অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, আমার চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। শিক্ষার্থীরা সেখানে অতিরিক্ত ভোট কাস্টের অভিযোগ করলেও আমরা কোনো ভোট জালিয়াতির প্রমাণ পাইনি।

সাদা দলের বিবৃতির বিষয়ে তিনি বলেন, সাদা দল একটা নিউজের ওপর ভিত্তি করে এ বিবৃতি দিয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা কোনো অনিয়মের অভিযোগ তোলেনি।

ফজলুল হক মুসলিম হলের রিটার্নিং অফিসার ও সাদা দলের আরেক নেতা সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান বলেন, রোকেয়া হল ও অমর একুশে হলের দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটাদাগে কোনো অনিয়ম হয়নি। হল সংসদে যারা বেশি ভোট পেয়েছে ডাকসুতে তারাই জয়লাভ করেছে৷ হলের ভোটের একটা প্রতিফলন ডাকসুতেও দেখা গেছে। এতে বোঝা যায় কোনো কারচুপির ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ভোট গণনার সময় আমরা যখন ব্যালট বিন্যস্ত করছিলাম, তখন সেখানে উপস্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক ও হলের প্রভোস্টরা বুঝেছিলেন ফলাফল কী হবে। পরবর্তীতে সেটাই দেখা গেছে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে সরাসরি দেখানো হয়েছে। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়েছে। তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।

সূর্যসেন হলের রিটার্নিং অফিসার ও সাদা দলের কলা অনুষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নির্বাচনে সবকিছুই উন্মুক্ত ছিল। সবার সামনেই সবকিছু হয়েছে। ঠিকমতো ভোট কাস্টিং হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা ও ব্যালট পেপারের মধ্যেও কোনো ধরনের ভারসাম্যহীনতা ঘটেনি। প্রতিটি কার্যক্রম অতন্ত্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শেখ মুজিবুর রহমান হলের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. শেখ মু. ইউসুফ বলেন, আমি একবাক্যে বলতে পারি নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। অন্তত আমার চোখে পড়েনি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

উদয়ন কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. তারিক মনজুর বলেন, এ বিষয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে বিবৃতি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যই আমাদের বক্তব্য। আমার এর বাইরে বিশেষ কিছু বলার নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ