আমার মতো মাস্তান বাংলাদেশে নাই: বিএনপি প্রার্থী ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জামায়াত নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে বিক্রি হওয়ার অভিযোগ তুলে নোয়াখালী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, আমার মতো মাস্তান বাংলাদেশে নাই। আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাস করেন না, তারা যদি এনসিপিকে ভোট না দিয়ে কাপ-পিরিচের কাছে বিক্রি হন সে হিসাব ১২ তারিখে পর হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের জনসভায় এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির যারা বহিষ্কার হয়েছেন আপনাদের উচিত ছিল স্বতন্ত্র বেঈমান প্রার্থীর পক্ষে ভোট না করে ক্ষমা চেয়ে ধানের শীষের পক্ষে ভোট করতে আসা। তাহলে হয়তো আমি বলে দিতাম তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমার কোনো আপত্তি নাই।
তিনি বলেন, আপনাদের যাদের বুকের মধ্যে ধানের শীষ বাজে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট করছেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না।
বিএনপির এ প্রার্থী বলেন, আমার গাড়ি ভেঙেছেন। তবে এতে সেনবাগের কোনো লোক জড়িত নাই। কুমিল্লা লাঙ্গলকোর্ট ও ফেনীর দাগনভূঞা থেকে ২২ জন মান্তান এনে আমার লোকের ওপর হামলা করেছেন। খবর পেয়ে আমার ১০ হাজার নেতাকর্মী বাজারে উঠেছে। আমি বলেছি আমাকে মেরে আমার লাশের ওপর দিয়ে কাপ-পিরিচকে হামলা করো।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আগামি নির্বাচনে ধানের শীষ ২৮০ আসনে জিতবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। তাই স্বাধীনতায় যারা বিশ্বাস করেন তারা ধানের শীষের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট দিতে পারেন না।
জানা গেছে, নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।
জনতার আওয়াজ/আ আ