আমেরিকার নিষেধাজ্ঞা গাজীপুরে পরাজয় আওয়ামী লীগ কোথায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলের ক্ষতিটা কে করে জানেন? গাজীপুরের ফলাফল ও বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি দেখে অনেক প্রশ্ন চারদিকে উত্থাপন হচ্ছে। গত সপ্তাহ পুরোটাই বাংলাদেশের রাজনীতি নিয়ে উত্তাল হাওয়া বয়েছে। আমেরিকার কঠিন ভিসানীতি ঘাবড়ে দিয়েছে অনেককে। বাড়তি যোগ হয়েছে গাজীপুর নির্বাচনের ফলাফল। জটিল সব রাজনীতি অতি উৎসাহীরা তৈরি করে। সর্বনাশা পরিবেশ তারাই তৈরি করে। জেনেশুনে রাজনৈতিক দলগুলো সর্বনাশাদের কবলে পড়ে। কঠিন খেসারত দিয়ে সবকিছুর সংশোধন করে। গাজীপুর সিটি নির্বাচনে রাজপথের বিরোধী দল বিএনপি কোনো প্রার্থী দেয়নি। সরকার পরিবারের একজন দাঁড়িয়েছিলেন। ভোটের বাক্সে তেমন সাড়া মেলেনি। লড়াই হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের সঙ্গে আওয়ামী লীগের দাপুটে নেতা অ্যাডভোকেট আজমত উল্লা খানের। টেবিলঘড়ি মার্কার কাছে নৌকা হেরেছে। জাহাঙ্গীরের বিপক্ষে ছিল পুরো রাষ্ট্রযন্ত্র। নেতারা আজমত উল্লার পক্ষে বলিষ্ঠ অবস্থান দেখিয়েছেন।
ঢাকা ও আশপাশ এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট চেয়েছেন নৌকায়। কেউ করেছেন সেলফিবাজি। কেউ জাহাঙ্গীরকে গালাগালি। তারা কামিয়াব হতে পারেননি। জায়েদা খাতুনের ঘরে জয় গেছে। এ নিয়ে তৃতীয় পক্ষের উল্লাসের কিছু নেই। জায়েদা খাতুনও আওয়ামী লীগ পরিবারের। তাঁর ছেলে আওয়ামী লীগের নেতা ছিলেন। আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার মনোনয়ন পাননি। মাকে নিয়ে মাঠে নেমে জয় নিয়েছেন ঘরে। নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগের একজন হেরেছেন। বিজয়ী হয়েছেন আরেকজন। জয়-পরাজয় দুটোই আওয়ামী লীগের ঘরে। বাড়তি যোগ, জাতি দেখল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠুু নির্বাচনে কোনো বাধা নেই। কোথাও সমস্যা নেই। হেরেও লাভ হলো আওয়ামী লীগের।
আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে অনেককে উল্লাস করতে দেখছি। আমেরিকা কি কোথাও বলেছে এ ভিসানীতি শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমেরিকা স্পষ্ট করে জানিয়েছে, ভোট নিয়ে সব দলের জন্য তাদের একই নীতিমালা। যারাই সুষ্ঠুু ভোট প্রদানে বাধা দেবে তাদের বিরুদ্ধে আমেরিকা থাকবে। ভোটে বাধা প্রদানকারী যে-ই হোন তিনি এবং তাদের পরিবার-পরিজন কেউই মার্কিন মুলুকের ভিসা পাবেন না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নয়, রাজনৈতিক দলও বাদ যাবে না। এখন বিএনপির আমলে আওয়ামী লীগ বাধাগ্রস্ত হলে তাদের জন্যও এ নীতি প্রযোজ্য হবে না, এমনটি মনে করার কারণ নেই। বিএনপির কেউ আওয়ামী লীগকে কেন্দ্রে যেতে বাধা দিলে তারাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় যাবেন। সব দলই এ নীতিমালার আওতায় রয়েছে। আমেরিকা তাদের শক্ত অবস্থানের কথা ঘোষণা দিয়েছে। এমনকি বিএনপির একজন নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানেরও কঠোর নিন্দা জানিয়েছে তারা। আমেরিকাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে চিন্তার কোনো কারণ নেই। কারও খুশি হওয়ারও কিছু নেই।
আমেরিকা বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের গার্মেন্টের সবচেয়ে বড় বাজার আমেরিকা। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রারও প্রশংসা বারবার তারা করছে। সবাইকে বুঝতে হবে, বিশ্বকূটনীতি নিয়ে আমেরিকার নিজস্ব নীতিমালা থাকে। ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় থাকে তখন তারা সারা দুনিয়ার গণতান্ত্রিক পরিবেশ নিয়ে মাথা ঘামায়। জো বাইডেনের নীতিমালা এক ধরনের, ট্রাম্পের ছিল আরেক। বাইডেন সরকার বাংলাদেশের আগামী নির্বাচনে সুষ্ঠুু একটা পরিবেশ দেখতে চায়। এতে সমস্যা কোথায়? ভোট নিয়ে বাংলাদেশকে সংবিধানের বাইরে যেতে মতামত তারা দেয়নি। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই হবে নির্বাচনী সরকার। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। শেখ হাসিনা নিজেই স্পষ্ট করে বলেছেন, তিনি সুষ্ঠুুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। তিনি বিএনপিকে অনুরোধ করেছেন তারা যেন ভোটে আসে। ভোটকে প্রাণবন্ত করতে সবার আগে দরকার সর্বজনীন অংশগ্রহণ। বিএনপি ভোটে না এলে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে?
ভোটে জয়লাভ করতে সবার আগে দরকার মানুষের মন জয় করা। আমেরিকা, আমেরিকা বলে চিৎকার করে লাভ নেই। জাতীয় সংসদের আগামী নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল। শেখ হাসিনা সেই অবস্থান থেকে এক দিনের জন্যও সরেননি। এ কথা সত্যি, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে অকারণে বিতর্কে টেনে নিয়েছিলেন কতিপয় সরকারি কর্মকর্তা। তাদের অতি উৎসাহে অনেক ক্ষতি হয়েছে। যার কোনো দরকার ছিল না। আওয়ামী লীগের দীর্ঘদিনের অর্জন সুষ্ঠু ধারার উদার রাজনীতি ও ভোটাধিকার। ২০১৮ সালের ভোটের পর প্রধানমন্ত্রী বিতর্কে জড়ানো কর্মকর্তাদের ছাড় দেননি। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ হয়নি। তারা কেউ ভালো পদ পাননি। বুঝতে হবে আওয়ামী লীগ গণমানুষের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এ দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর মেয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আর প্রতিষ্ঠা করেছেন বলেই এখন সারা বিশ্ব বলছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি শেখ হাসিনার অর্জন। আমেরিকাও এ কথা স্বীকার করছে। তারাও বারবার শেখ হাসিনার দেশ চালানোর সাফল্যের প্রশংসা করছে।
জনতার আওয়াজ/আ আ