আর বিলম্ব নয়, এখনই নির্বাচনের প্রয়োজন: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
এখনই নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্ব নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কারও শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না, যে সংস্কার ১/১১-এর মতো বিলম্ব ঘটিয়ে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেয়ার ব্যবস্থা করুন।
বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া ও অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারেন, তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদ গঠন করবে। সেই সংসদেই ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়নের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, হঠাৎ জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস, আপনি পৃথিবীর ইতিহাসে আমাদের সম্মানিত করেছেন। সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি এখনো মানুষের মনে আছেন। কিন্তু কোথাও যেন একটি দাবার খেলা চলছে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটি চক্রান্ত হচ্ছে। কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। সে বিষয়ে আপনাকে অবহিত হতেই হবে। আপনার উপদেষ্টাদেরও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের রয়েছে। ইতিপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে সেই সম্পদ উদ্ধার করতে পারে, তাহলে রাখাইনের জন্য একটি দ্বীপ রাষ্ট্র কিনে নেওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশে এমন কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না, যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রের শিকার হই। করিডোর ইস্যুতে যেন আবারও আন্দোলনের পথে যেতে না হয়।
করিডোর ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন, বিচার-বিবেচনা করে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সরকার গঠন করবে, সেই সরকারের ওপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ছেড়ে দিন।
জাতীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে প্রতীকী অবস্থানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশীদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ