আরব আমিরাতে দুই প্রবাসীর করুণ মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরব আমিরাতে দুই প্রবাসীর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়দিন আইসিইউতে থাকার পর শুক্রবার (১৩ জুন) এক প্রবাসী মারা গেছেন। একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রামে।

জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ৭ জুন নুরুল আবছার ঘুরতে বের হয়েছিলেন। পরে শারজাহ মালিহা রোডের ১৭ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নেস্টু হাইফার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ১১টা ৩৮ মিনিটে এক প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। পুলিশ এবং মেডিকেল টিম এসে তাকে শারজার আল কাসেমি হাসপাতালে নিয়ে যায়। পরে ১০ জুন কর্তব্যরত চিকিৎসকরা জানায় নুরুল আবছারের মস্তিষ্ক অকার্য্যকর হয়ে গেছে। ছয়দিন টানা আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
মাত্র এক বছর আগে ২০২৪ সালে আমিরাতে যান আবছার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তার মরদেহ এখনো শারজার আল কাসেমি হাসপাতালের মর্গে রয়েছে। সব আইনি কার্যক্রম সম্পন্ন হলে মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, চট্টগ্রামের মোহাম্মদ নাইয়ুম উদ্দীন(৩৫) নামে অন্য একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাস আল কায়মাহ অঞ্চলের সোহান এলাকায় একটি বাগানে চাকরি করতেন। সকালে বাগানের মালিক নাইয়ুম উদ্দীনকে ফোনে না পেয়ে বাগানে এসে দেখেন, তিনি অবচেতন অবস্থায় নিজ রুমের বিছানায় পড়ে আছেন। পরে পুলিশকে ফোন করলে মেডিকেল টিমসহ উপস্থিত হয়ে নিশ্চিত করে ১০/১২ ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে।

দেশে থাকা তার চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, আগেরদিন রাতে নাইয়ুম উদ্দীনের সাথে ভিডিও কলে যোগাযোগ করলে, তিনি অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিলেন। নাইয়ুম উদ্দীনের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার নাঙ্গলমোড়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ