আরেক ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না: রাশেদ প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এক ফ্যাসিস্টের বিদায়ে আরেক ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ‘চাঁদাবাজি, দখলদারি ও ভারতের গোলামির রাজনীতি যারা নতুন করে করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে রুখে দিতে হবে।’
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাগপা রাশেদ প্রধান বলেন, ‘দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না পেরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। স্বাধীনতার কথা বলেছিলেন এবং দেশের মানুষের মধ্যে স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মত নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেয় নাই। মুজিব নয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা।’
তিনি বলেন, ‘ভারতীয় আধিপ্যবাদ এর বিরুদ্ধে ভাসানীর সক্রিয় ভূমিকা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিল। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ আমাদের লালন করতে হবে।’
জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন আলম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ