আ'লীগ কার্যালয়ে ইডেনের বহিষ্কৃত নেত্রীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ কার্যালয়ে ইডেনের বহিষ্কৃত নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

 

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমিন্ডতে পৌঁছেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে তারা দলীয় সভাপতির কার্যালয়ে পৌঁছান। ইডেন ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া সহ-সভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈসহ সাত-আটজন নেত্রী কার্যালয়ে মূল ফটকে যান। প্রথমে তাদের প্রবেশে বাধা দেওয়া হলেও পরে প্রবেশ করতে দেওয়া হয়।

পরে আরও কয়েকজন নেত্রী কার্যালয়ে প্রবেশ করতে চাইলেও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কার্যালয়ের ভেতরে দলীয় নেতাদের তেমন কেউ না থাকায় যারা ভেতরে প্রবেশ করেছেন, তারা কারও সঙ্গে কথা বলতে পারছেন না।

এর আগে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন ইডেনের বহিষ্কৃত নেত্রীরা।

সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় গত শনিবার রাতে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে আটকে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

এ ঘটনায় সেই রাতে ছাত্রলীগের দুই পক্ষের অবস্থানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনা তদন্তে গতকাল সকালে ছাত্রলীগ একটি কমিটি করেছে। এছাড়া জান্নাতুল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতরাতে কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তারা হলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।

এমন সিদ্ধান্তের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন ডাকে বহিষ্কৃতরা। সেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। না হলে আমরণ অনশনে যাওয়ার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ