আ’লীগ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন উকিল আবদুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আবদুস সাত্তার ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন তিনি। দলছুট সাত্তারকে সরাইল ও আশুগঞ্জ বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করলেও তিনি নির্বিঘ্নেই প্রচার কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাকশিমুল ইউনিয়নের সচেতন নাগরিক ও সুধী সমাজের ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে তার নির্বাচনী প্রচার শুরু হয়।
সভা মঞ্চে সাত্তারের ডানপাশে অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব এবং বামপাশে পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বসা ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাকশিমুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ খান।
সভায় উপস্থিত জনসাধারণ তার প্রতি সমর্থন জানিয়ে তাদের এলাকার রাস্তাঘাট উন্নয়নের দাবি জানান। অরুয়াইল আওয়ামী লীগের সভাপতি আবু তালেব উকিল সাত্তারের সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, সভায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপর, ফতেহপুর, ষাটবাড়িয়া, বরইচারা ও হরিপুর গ্রামের মানুষ তাকে সমর্থন দিয়েছেন। এ উপনির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই।
অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আবদুস সাত্তার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। ওই সভায় তাঁর আত্মীয়স্বজন উপস্থিতি ছিলেন। সেখানে বিএনপির কোন নেতাকর্মী ছিল না। দলীয় নির্দেশ অমান্য করে কেউ নির্বাচনী প্রচার কাজে অংশ নিলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
গত ১১ ডিসেম্বর উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনের উপনির্বাচন।
জনতার আওয়াজ/আ আ