আ’লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। একইসঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আজ (বুধবার) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি।
আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাসের কর্মসূচি নিয়ে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ-সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে।
গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ দায়ী থাকতে পারে কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এজন্য ক্ষমা চেয়েছে? কী হত্যাযজ্ঞ হয়েছে আপনারা দেখেছেন, ৭১টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের ওপর গুলি চালানো হয়েছে। একজনও এজন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চায়নি?
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না? আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই। একজনও কিন্তু বলেনি। বরং অনেকেই মিথ্যা কথা বলছে, গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপ প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
জনতার আওয়াজ/আ আ