আ’লীগকে নিষিদ্ধের দাবিশাহবাগে অবরোধ চলছে, ৩টায় জমায়েত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১০, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১০, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলছে। দাবি আদায়ের এই কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় সেখানে গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরোধের কারণে শাহবাগের সাথে যুক্ত সড়কগুলো বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ দিচ্ছেন আন্দোলনকারীরা।
গাজীপুর থেকে এসে আন্দোলনে অংশ নেয় কাওসার আহমেদ বলেন, ‘আমাদের অবরোধ কর্মসূচি চলছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এটি চলবে।’
গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ কর্মসূচি শুরু হয়।
সেদিন রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকেই গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
গতকাল শুক্রবার এই কর্মসূচি শাহবাগে সরে আসে। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরপর তিন দফা দাবিতে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত।
রাতে একটি ফেসবুক পোস্টে তিনি শনিবার বিকেল ৩টা থেকে শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানান।
তাদের দাবিগুলো হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র দেয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের জন্য আইনে প্রয়োজনীয় বিধান যোগ করা।
এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এছাড়া জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলও এই আন্দোলনে ইতোমধ্যে সংহতি প্রকাশ করেছে।
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ