আ’লীগের অফিসে অগ্নিসংযোগ মামলায় ঝিনাইদহ বিএনপির ৯ নেতাকর্মী করাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের অফিসে অগ্নিসংযোগ মামলায় ঝিনাইদহ বিএনপির ৯ নেতাকর্মী করাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ মামলায় বিএনপি ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জিআর ৩৮২/২২ মামলায় ৯ নেতাকর্মী স্থায়ী জামিন নিতে গেলে ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নাজিমুদৌলা জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ওই মামলার আসামীরা হলেন, সাগান্না বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, বিএনপি নেতা মোঃ আরশাদ আলী, মোঃ হাবিব রহমান, নাঈম হোসেন, সুরুজ মোল্লা, যুবদল নেতা সামায়ন হোসেন, ওহিদুল ইসলাম, আব্দুল মালেক, সুজন মিয়া ও মাসুদ হোসেন। এর মধ্যে মামলার প্রধান আসামী সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন উচ্চ আদালত থেকে এখনো জামিনে রয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে, গত ৩০ আগষ্ট গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় কার্যালয় ভস্মিভুত হয়। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী ১০ নেতাকর্মীর নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। এই মামলায় গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে বিএনপি নেতাকর্মীরা এক মাসের আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার (২৩ অক্টোবর) ঝিনাইদহ জেলা জজ কোর্টে থেকে ৯ আসামী স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট এস এম মশিউর রহমান বলেন, মামলাটি মিথ্যা ও গায়েবী। এই মামলার কোন ভিত্তি নেই। সাক্ষীরা ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্টাম্পে নোটারীর মাধ্যমে বৈদ্যুতিক সট সার্কিটে আগুন ধরেছে বলে লিখিত দিয়েছে। আসামীরা নাশকতা করার উদ্দেশ্যে আওয়ামী লীগের অফিসে আগুন দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারনে এই মামলা হয়েছে বলে বিএনপি পক্ষের আইনজীবী দাবী করেন।

এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণের নিন্দা জানিয়ে বলেছেন, আইনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ