আ'লীগের ভোটের জন্য বিএনপি-জামায়াত প্রতিযোগিতায় নেমেছে: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের ভোটের জন্য বিএনপি-জামায়াত প্রতিযোগিতায় নেমেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হবে। তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ‘ইলেকশনস ডায়ালগ: ইওর পার্টি ভোটার কোয়েশ্চেনস’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এক মতবিনিময় সভা আয়োজন করে ডেইলি স্টার।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লার দেবীদ্বারে ঘটা করে ২০০ আওয়ামী লীগের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সেখানে জুলাই গণহত্যা মামলার আসামিরাও রয়েছেন। এটা শুধু একটা উদাহরণ, এমন অনেক উদাহরণ রয়েছে।

আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করা যায়নি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ট্রুথ কমিশন গঠনের আলাপ উঠলেও সেটি হয়নি। সমাজে যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন তবে গণহত্যা বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার থাকতে পারা বা যেকোনো দলে যোগ দিতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এই পার্থক্য করা উচিত ছিল।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট দলকে সমর্থন করা অপরাধ। তবে তারা ক্ষমা চেয়ে সমাজে রিহ্যাবিলেটেড (পুনর্বাসিত) হতে পারে। এ সময় সভার সঞ্চালনা করেন ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ। তিনি নাহিদ ইসলামকে প্রশ্ন করেন, ‘আপনারা কি রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে?’

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এটা করার পক্ষে।’ তিনি আরও বলেন, এটা যদি না হয়, তাহলে আওয়ামী লীগের প্রশ্নটি বারবার আসবে এবং এটি দলগুলোকে ভোগাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ