আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করে ছয়দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই অভিমত ব্যক্ত করেন মঞ্চের নেতারা।

সভায় উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ।

সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন মঞ্চের নেতারা। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোরর ভেতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। আলাপ-আলোচনার পর এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতারা বলেন, যখন আলাপ-আলোচনার পথ খোলা আছে এবং নানা ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, আরও কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে কোনো সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ-আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরও জোরদার করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ