ই-মেইল হ্যাকে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ই-মেইল হ্যাকে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

 

হ্যাকাররা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইলের তথ্য সংগ্রহ করে। তারা ডার্ক ওয়েব থেকেই কারকন গ্রুপের (জার্মানি) বাংলাদেশ প্রতিনিধির ই-মেইলের তথ্য পায়। এরপর তারা কারকন কার্গো কন্ট্রোল বিডি’র মালিক এম এ আহসানুল বারীর অফিসিয়াল ই-মেইল আইডি হ্যাক করে জার্মানিতে অবস্থিত মূল কোম্পানির কাছে খরচ বাবদ ৪ হাজার ৮০০ ডলার চেয়ে মেইল করে।

ই-মেইলে আগে থেকে সেট করে রাখা ব্যাংক অ্যাকাউন্ট পাল্টিয়ে হ্যাকাররা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে অনুরোধ করে। সে অনুযায়ী মূল কোম্পানি তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে আহসানুল বারী সাথে সাথে মূল কোম্পানির সাথে যোগাযোগ করে সামনের লেনদেনগুলো বন্ধ করিয়ে দেন। পরে তার অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আইপি অ্যাড্রেস অ্যানালাইসিস করে দুই হ্যাকারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশ প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেফতাররা হলো- মোহাম্মদ শহীদুজ্জামান রনি ও মো. মাজহারুল ইসলাম শাকিল। তাদের বিরুদ্ধে আহসান সাহেবের অভিযোগের পাশাপাশি ডার্ক ওয়েব থেকে আর্থিক তথ্য নিয়ে বিভিন্ন দেশের ক্রেডিট কার্ড হ্যাক করে অভিনব প্রতারণার অভিযোগও রয়েছে।

এ সময় তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এই ধরণের প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও একটি রাউটার জব্দ করা হয়। আজ ভোরে চাঁদপুর জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

ডিবি প্রধান জানান, গ্রেফতার দুই হ্যাকার একে অপরের আত্মীয়। তারা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইল, ভিসা, মাস্টারকার্ড, পেপাল, বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে। এরপর তারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নিজেদের অ্যাকাউন্ট প্রদান করে অর্থ আত্মসাৎ করত। অনলাইনে প্রতারণার ঘটনা মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে রনি পূর্বে গ্রেফতার হয়েছিল। কিছুদিন আগে সে জামিনে মুক্তি পেয়ে গ্রেফতারকৃত শাকিলকে নিয়ে পুনঃরায় তথ্য সংগ্রহ করে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। পাশাপাশি আইফোনসহ বিভিন্ন ইলেক্ট্রোনিক্স পণ্য, উন্নতমানের কসমেটিকস পণ্য প্রতারণামূলকভাবে অর্ডার করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ