ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে রুমিন ফারহানার সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে রুমিন ফারহানার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, মাঠ পর্যায়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা সম্পর্কে একটি বাস্তব ও নির্ভরযোগ্য ধারণা পাওয়া যায়।

অপর পর্যবেক্ষক মায়া হুরলিমান বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং নির্বাচনী আচরণবিধির কার্যকর বাস্তবায়ন তাদের পর্যবেক্ষণের প্রধান বিষয়। তিনি জানান, এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল মাঠপর্যায়ে কাজ করছে।

সৌজন্য সাক্ষাতে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই সবার কাম্য।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনের ভোটাররা সচেতন এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ