ইউরিয়া সারের মূল্য বৃদ্ধিতে বিএনপির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ছয় টাকা বাড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার (২ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয় ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ছয় টাকা বাড়ানোর কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। দলের স্থায়ী কমিটি মনে করে, একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে সেচ ব্যাহত হবে অন্যদিকে ইউরিয়া সারের দাম বস্তা প্রতি ৩০০ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। সভায় অবিলম্বে ইউরিয়া সারের মূল্য পূর্বাবস্থায় রাখার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসহনীয় লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি ঘোষিত জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচিতে গত ৩১ জুলাই ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম শহীদ হয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ, ভোলা জেলার সভাপতি গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, ছাত্রদলের সভাপতি নূরে আলম, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মুনীরসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করা হয়। সমাবেশ ও মিছিল করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ একদিকে সংবিধান এবং অন্য দিকে হত্যা করে গুরুতর ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় ভোলা জেলার সভাপতিসহ চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সভায় শহীদ আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ