ইভিএম নিয়ে সন্দেহ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ সিইসি’র - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএম নিয়ে সন্দেহ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ সিইসি’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইভিএম নিয়ে সন্দেহ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন ইভিএম নিয়ে কারও কোনো সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন। ইভিএমে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোনো ভোটারকে বাধা দেয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।

খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলা পুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নেন।

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ