ইসলামি বক্তার জিহ্বা কাটার ঘটনায় গ্রেফতার ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলামি বক্তার জিহ্বা কাটার ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ইসলামি বক্তা শরীফুল ইসলাম ভূইয়াকে জিহ্বা কেটে হত্যা চেষ্টার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।

মাহফিলে বক্তা শরীফুল ইসলামের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে দেয় বলে স্বীকারোক্তি দিয়েছেন আসামিরা। বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলা এলাকায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক।

তিনি বলেন, গত রবিবার (৫ মার্চ) ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং উত্তর পাশে আসামিরা তাকে আটক করে তার জিহ্বা কেটে দেয়।

ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এ ঘটনায় আহত বক্তার চাচা বাদী হয়ে আখাউড়ায় থানায় মামলা দায়ের করেন। র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে সোমবার (৬ মার্চ) সকালে একই মামলায় একজনকে গ্রেফতার করার কথা জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ