ইসলামি ৫ দল থেকে সরে গেলো একদল, ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
ইসলাম ধর্মভিত্তিক চার দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে শুরু থেকে পাঁচ ইসলামি দল একসঙ্গে থাকলেও শেষ দুটি বৈঠকে যায়নি জমিয়তে উলামায়ে ইসলাম। দলটি আজ বিএনপির সঙ্গে গুলশানে বৈঠক করেছে।
চার দলের বৈঠকে ইসলামি ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতের ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব আহমদ আব্দুল কাদের ও যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষে সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।
জমিয়তের সূত্র জানায়, জামায়াতের সঙ্গে ঐক্যের সম্ভাবনা থাকায় দলটি চার দলের সঙ্গে থাকতে পারেনি। তবে নির্বাচনের আগে পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া বাকি আছে, বলে জানান দলটির একজন নেতা।
জনতার আওয়াজ/আ আ