ইসি যখনই নির্বাচনের তারিখ দেবে, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসি যখনই নির্বাচনের তারিখ দেবে, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী |সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) যখনই নির্বাচনের তারিখ দেবে, তখনই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময়ে পুলিশ বর্তমানে সবার সাথে ভালো ব্যবহার করে, তাই মানুষ ভাবছে পুলিশ সচল হয়নি বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘পুলিশ আগের থেকে আরো বেশি সচল।’

পুলিশ পুরোপুরিভাবে সচল হয়েছে কিনা এই প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘গেল ১৫ বছরের মতো পুলিশ আমরা চাচ্ছি না, যে গেল দু’টি পিট্টি মারলো। আমরা মানবিক পুলিশ চাই, যারা সবার সাথে ভালো ব্যবহার করবে, সবকিছু ভালোভাবে চলবে। পুলিশ এখন ভালো ব্যবহার করে, তাই মানুষ ভাবে পুলিশ সচল হয়নি। কিন্তু পুলিশ আগের থেকে আরো বেশি একটিভ (সচল)।’

সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়।

আইনশৃঙ্খলার বাহিনী এজন্য প্রস্তুত রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন যখন নির্বাচনের তারিখ দেবে, আইনশৃঙ্খলা বাহিনী তখনই প্রস্তুত আছে।’

এ সময় সীমান্তে পুশইন সম্পর্কে জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বেশ আলোচনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া ভারতের হাইকমিশনারের সাথে কথা হয়েছে।

তিনি বলেন, ‘যদি আমাদের দেশের নাগরিক ভারতে থেকে থাকেন, তাহলে প্রোপার চ্যানেলে পাঠালে আমরা নেব। কিন্তু এভাবে জঙ্গলে ফেলে যাওয়া, নদীর ওপর ফেলে যাওয়া, লেকের ওপর ফেলে যাওয়া- এটা কোনো সভ্য দেশের কাজ হওয়া উচিত না।’

উপদেষ্টা আরো বলেন, ‘আমরা অনুরোধ করেছি, আমাদের দেশের নাগরিক হলে প্রোপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নেব।’

এ বিষয়ে মিডিয়াকেও প্রচার চালাতে বলেন তিনি। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকার উত্তরায় র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের অ্যাজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার।’

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ