ইসির সাইটে ভূতুরে ‘নৌকা’ প্রতীক, কিছুক্ষণ পরপর আসে যায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ইসির ওয়েবসাইটে ভূতের মতো বারবার দেখা যাচ্ছে ও চলে যাচ্ছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ইসির ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় নিবন্ধিত দলের তালিকায় আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক আছে। কিন্তু কিছুক্ষণ পর আবার ওয়েবসাইটে ঢুকলে তা হারিয়ে গেছে। উল্লেখ্য, গতকাল বুধবার সকালেই নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছিল।
এরপর বিকেলে ইসির সিনিয়র সচিব জানান, প্রতীকের তফসিলে ‘নৌকা’ থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে রাখা হয়েছে।
তবে সন্ধ্যা ৬টার দিকে আবারও ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক ফিরে আসে, কিন্তু পরক্ষণেই তা আবার চলে যায়। এ ধরনের ঘটনা ইসির ওয়েবসাইটে কয়েকবার ঘটেছে।
এই বিষয়ে ইসির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন ব্রেকিংনিউজকে জানান, “আমাদের ব্যক্তিগত কম্পিউটার কিংবা মোবাইলসহ যেকোনো ডিভাইসে ক্যাশে তথ্য সংরক্ষিত থাকে। যখন ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে, তখন সার্ভার থেকে তথ্য না নিয়ে ক্যাশে থাকা পুরনো তথ্য দেখানো হয়, যার ফলে এমন ঘটছে।”
তিনি আরও বলেন, “আমি সরাসরি সার্ভারে গিয়ে দেখেছি, গতকাল যেভাবে মুছে ফেলা হয়েছে, এখনো সেভাবেই আছে। এজন্য বিষয়টির নিশ্চিত ব্যাখ্যা দেওয়া কঠিন। ওয়েবসাইটে ক্যাশের কারণে যাতে এরকম সমস্যা না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
গতকাল এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘নৌকা’ প্রতীক তফসিলে থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই এবং তারা মনে করেছে এটি সরিয়ে রাখা উত্তম। তফসিলে ‘নৌকা’ প্রতীক থাকায় কেউ অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।
১২ মে থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। গত বুধবার সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীর নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।
জনতার আওয়াজ/আ আ