উর্মি রহমান আর নেই জাতীয় মানবাধিকার সমিতির শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক উর্মি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উর্মি রহমানের জন্ম খুলনায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে সাংবাদিকতা শুরু করেন। শিল্প-সাহিত্যের সঙ্গে মিলেমিশে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষীর পরিমণ্ডলে।
উর্মি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘যুদ্ধাপরাধ দেশে দেশে’, ‘ব্রিকলেন : বিলেতের বাঙালিটোলা’, ‘আমাদের সময় নারীমুক্তির প্রশ্নে’, ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল’, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে উর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ’।

বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে অগ্রগণ্য উর্মি রহমান
উর্মি রহমানের সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন। কলাম লিখেছেন দৈনিক জনকণ্ঠে। প্রায় এক যুগ ধরে স্বামী সাগর চৌধুরীকে নিয়ে কলকাতায় বাস করছিলেন তিনি।
সাহসিনী আলোকিত সাংবাদিক, খুলনার প্রিয়মুখ উর্মি রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
জনতার আওয়াজ/আ আ