এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগের সাথে দেশবাসী এ সরকারের সাথে থাকবে এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে এখনো অনেক ভাই ও বোন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সরকার তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দ্রুত তাদের সহযোগিতা করবে সরকার এই তাগিদ আমি দিতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের ওপরে। অনেকেই বলে দ্বিতীয় বার স্বাধীন হয়েছে ৫ আগস্ট। আওয়ামী লীগ সরকার এতটাই নির্মম, স্বৈরাচার ছিল যে মানুষ স্বাধীনতাটা ভুলে গিয়েছিল। মানুষের কোন অধিকার ছিল না। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে সে অধিকার হারিয়ে ফেলেছিল। এই আওয়ামী লীগ সীমাহীন লুটপাট করেছে। একটা দলের নেতাকর্মী দলের প্রধানের পরিবার দেশের প্রতিটি সেক্টর থেকে লুটপাট করে বিদেশে অর্থপাচার করেছে। এটা ভাবা যায়।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে লুটপাট করেছে তার নেতাকর্মীদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হেফাজতে নিতে হবে।

তিনি বলেন, বিএনপি ও দেশবাসীর প্রত্যাশা এই সরকার একটি ভালো নির্বাচন দেবে। একটি ভালো নির্বাচনের জন্য। দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আগাগোড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সমর্থন জানিয়েছেন যাতে সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে, ভালো নির্বাচন দিতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এই বিশ্বাস তারা করে। শুধু দেশবাসী নয় বিশ্ববাসীও এটা বিশ্বাস করে। এইজন্যে সরকারকে সতর্ক হতে হবে। নির্বাচনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করতে হবে।

তিনি আরোও বলেন, দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি বায়তুল মোকাররমের যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয় এবং আশঙ্কাজনক। সেজন্যে এই সরকারকে সতর্ক থাকতে হবে যারা এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে জীবন উৎসর্গ করেছে তাদের যে দাবি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে এটা মনে করা যাবে না। তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ ও অস্ত্র আছে। একটি বড় দেশ তাদের সমর্থন করছে। সেহেতু ছোট করে দেখার কোন অবকাশ নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

আওয়ামী লীগকে হুশিয়ার করে তিনি বলেন, আওয়ামী লীগকে হুঁশিয়ারি করব বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। দেশবাসী যদি একবার ঘুরে দাঁড়ায় কি হয় সেটা দেড় মাস আগে দেখেছেন। এদেশের মানুষ যেমন নরম তেমনি গরম।

সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ, ডক্টর খন্দকার মারুফ হোসেন, মাইনুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা সাদি, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ