একদফা দাবিতে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদফা দাবিতে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি। গতকাল বুধবার এই কর্মসূচির রুট জানিয়ে এবং অনুমতি চেয়ে দলের দুই মহানগরের পক্ষ থেকে ডিএমপিকে পৃথকভাবে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠিতে শুধু গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

রিজভী দাবি করেন, গত ২৮ ও ২৯ জুলাই হতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন হামলায় আহত হয়েছে ১২০০ জনের মতো নেতাকর্মী। এসব ঘটনায় মামলা ৩২৪টি, এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ১১৫ জনকে। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় দুই মহানগরের কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিংরোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দায় গিয়ে শেষ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ