একদলীয় শাসন জারি রাখতে সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদলীয় শাসন জারি রাখতে সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদলীয় কর্তৃত্ববাদী শাসন জারি রাখতে গিয়ে গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিণী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দায়ের এবং তাদের নরসিংদীর বাসভবন সন্ত্রাসীরা দুইবার পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশের মতো নরসিংদী শহর এখন সরকারি সন্ত্রাসের অভয়ারণ্য। সেখানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর চলছে সরকারের ছত্রছায়ায় নজিরবিহীন জুলুম। শুধু তাই নয়, সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর নিরবচ্ছিন্নভাবে সহিংস হামলা চালিয়ে এক রক্তাক্ত নগরীতে পরিণত করেছে।

আতঙ্কের শহরের নাম এখন নরসিংদী উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এক্ষেত্রে পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নির্বিকার থাকছে। ইতোমধ্যে সুপরিকল্পিতভাবে খায়রুল কবির খোকন এবং শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দিয়ে এক অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ