একুশের পথ ধরেই আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল-সবুজের পতাকা আর আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি। তাই গৌরবোজ্জ্বল প্রেরণার মহিমান্বিত আর চেতনা শাণিত করার শক্তি হলো একুশে ফেব্রুয়ারি।’ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বাংলাসহ সব ভাষার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের। বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, বাঙালির ভাষা, সাহিত্য,সংস্কৃতি তথা যা কিছু মহান সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্বা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।
তিনি বলেন, মাতৃভাষার যথাযোগ্য অবস্থান, মর্যাদা ও বিকাশ নিশ্চিত করতে এখনও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। রাষ্ট্রীয়, শিক্ষাগত ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আজও হয়নি। রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে অর্জিত যে ভাষা- তার প্রতি এ উপেক্ষার বিষয়টি জাতি হিসেবে আমাদের সংকীর্ণ করে দেয়, এ সংকীর্ণতা কাটিয়ে ওঠা জরুরি।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে দেশমাতৃকার সেবায় কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
জনতার আওয়াজ/আ আ