এবার বিয়ে করলেন ছোটপর্দার অভিনেতা জামিল, পাত্রী মুনমুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ঈদ মৌসুমে বিয়ের ধুম লেগে যায় বিভিন্ন জায়গায়। দেশের শোবিজ অঙ্গনও তার ব্যতিক্রম নয়। গত শুক্রবার বিয়ে করেছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। একইদিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন।
পাত্রী শোবিজ অঙ্গনেরই অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। জামিলের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পেল।
এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু।
রবিবার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।
ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা নাদিয়াসহ আরো অনেকে।
মুনের সাথে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।
বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।
জনতার আওয়াজ/আ আ