ঐকমত্যের জাতীয় সরকার গঠন করাই বিএনপির মূল টার্গেট : এ্যানি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৩১ দফার আলোকে ঐকমত্যের জাতীয় সরকার গঠন করাই বিএনপির মূল টার্গেট।’
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে বিএনপি সংস্কার প্রক্রিয়া গ্রহণ করছে। সেটা নিয়ে এখন দলের ভেতরে কাজ চলছে।
আজ রোববার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া যাত্রাপুর আহাম্মদিয়া মাদরাসা মাঠে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনী কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুইটাই খুব জরুরি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেনি, তাই আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচিত করা হচ্ছে।
তিনি বলেন, ইউয়িন, থানা ও জেলাতে একইভাবে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে। তাহলে সত্যিকার অর্থে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলকে আরো সুসংগঠিত করতে হবে।
দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসদের বিচার দাবি করে আসছে। কিন্তু দৃশ্যমান কিছুই হচ্ছে না।
তিনি বলেন, বিএনপি আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রথম থেকে তুলছে। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। এটার সাথে বিএনপির দাবি মিলে গেছে। বিএনপি যেটা চেয়েছে, সেটাই হয়েছে। তবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।
অতীতের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে বিএনপি দেশের নেতৃত্বে দিচ্ছে। সে আলোকে বিএনপির দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতার আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই সব রয়েছে। তাই বিএনপির এখন মূল টার্গেট হলো, এর মাধ্যমে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারবে না। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবব্ধ থাকতে হবে। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও জজকোর্টের প্রসিউকিউটর আহমেদ ফেরদৌস মানিক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, বিএনপি নেতা গোলাম সরোয়ার, ছাত্রদল নেতা জাহাঙ্গীর মাহমুদসহ জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এরপর ভল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিয়াপুর ভূঁইয়াবাড়ি নুরানী মাদরাসা ও পশ্চিম মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ওয়ার্ড বিএনপির প্রতিনিধি ও কাউন্সিল অনুষ্ঠানে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
জনতার আওয়াজ/আ আ