ঐক্যবদ্ধ থাকলেই ছাত্র-জনতার বিজয় সুসংহত হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ অপশাসন, দুঃশাসন, গুম, খুন, নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউস’র বলিষ্ঠ কণ্ঠস্বর , সাউথ এশিয়া পার্সপেক্টিভস ও জাস্ট নিউজের সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডম’র নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারী’র বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডে।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। মুশফিকুল ফজল আনসারী তার মধ্যে অন্যতম। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে। অনেকে দেশের বাইরে থেকে সংগ্রামে অংশ নিয়েছেন। আমরা দেশের ভেতরে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম।
তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয় তখনি সুসঙ্গত হবে যদি এটা ধরে রাখতে পারি। সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটিকে যেনো কাজে লাগাতে পারি।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান।
জনতার আওয়াজ/আ আ