ওরে ও নতুন ঈদের চাঁদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওরে ও নতুন ঈদের চাঁদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

 

‘ওরে ও নতুন ঈদের চাঁদ/ তোমায় হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ’—কবি কাজী নজরুল ইসলামের গীতিকবিতার এই চরণ দুটি আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ঈদ কবে হবে, তা সব সময়ই চাঁদ দেখার ওপর নির্ভর করে। চাঁদ কবে দেখা যাবে, তা নিয়ে মহাকাশ-বিশেষজ্ঞরা এবার যা বলছেন, তার মানেটা দাঁড়িয়েছে, আজ শুক্রবার আমরা তাকিয়ে রইব পশ্চিমাকাশে। আজ চাঁদ দেখা যেতেও পারে, না-ও পারে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব আমরা। দেশের কোথাও চাঁদ দেখা গেল কি গেল না, তা নির্ধারণ করে তারা আমাদের জানাবে। তাহলে সংবাদপত্রের পুরোনো শিরোনামটাই আজ প্রযোজ্য, ‘আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ।’ হিসাবটা বেশ সোজা, আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর, না হলে পরশু রোববার ঈদ। এরই মধ্যে আমরা জেনে গেছি, সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। সেখানে আজ ঈদ।

২৯ রোজা হলে তো কথাই নেই, ৩০ রোজার শেষেও সন্ধ্যায় যখন বেজে ওঠে ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’, তখন সত্যিই আনন্দের হিল্লোল বয়ে যায় ঘরে ঘরে, অন্তরে অন্তরে।

ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। এটা স্পর্শ করে, স্পন্দিত করে দেশের মানুষকে। ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক আয়োজন। জামা-জুতা, পোশাকপরিচ্ছদ, খাবারদাবার থেকে শুরু করে গয়নাগাটি, টিভি-ফ্রিজ, আসবাবের দোকানে পর্যন্ত বিক্রি বেড়ে যায় ঈদকে কেন্দ্র করে। পরিবহন খাতে সবচেয়ে বড় ব্যবসাটা হয় ঈদকে ঘিরেই। ঈদ সংস্কৃতির অঙ্গনেও উদ্‌যাপনের এক বিশাল উপলক্ষ—টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্র, সংগীত, সংবাদপত্র—সব মাধ্যমের মানুষেরাই হাজির হন ঈদের বিশেষ পসরা সাজিয়ে।

আমাদের দেশে ঈদের একটা বড় বিশেষত্ব নাড়ির টানে বাড়ি ফেরা। কোটি মানুষ ছুটে যান তাঁর শৈশবের স্মৃতিধন্য বাড়িতে, গ্রামে, গঞ্জে বা মফস্‌সল শহরের জন্মভিটায়। প্রবীণ মা-বাবার সঙ্গে বহুদিন পর মিলিত হন বয়স্ক সন্তানেরা, তরুণ সন্তানেরা ফিরে যান মায়ের কাছে। দাদা-দাদি, নানা-নানিরা বুকে জড়িয়ে ধরতে পারেন নাতি-নাতনিদের। শৈশবের বন্ধুদের কিংবা স্কুল-কলেজের সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ি আমরা। কী যে মায়াময় সেই দৃশ্য! মনে মনে গেয়ে উঠি, ‘ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ