কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানালেন বুবলী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানালেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউড পেরিয়ে এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামে সিনেমা পশ্চিমবঙ্গের হলেও এটির পরিচালক ও চিত্রনাট্যকার বাংলাদেশের। এটি নির্মাণ করছেন রাশেদ রাহা এবং গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাসার নির্ঝর।

এরই মধ্যে ছবিটি নিয়ে রবিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে গেল সংবাদ সম্মেলন।

প্রথমবার সীমানা পেরিয়ে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেন বুবলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন টালিউডের আলোচিত অভিনেতা সৌরভ। ছিলেন নির্মাতা রাশেদ রাহাসহ অন্য কুশীলবরাও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী।

কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বুবলী লিখেছেন, ‘আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।’

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন বুবলী। ছবিতে ওপার বাংলার গুণী অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে অভিনয় করবেন বুবলী, আরো আছেন সৌরভ দাস।

সিনেমার গল্প প্রসঙ্গে খায়রুল বাসার নির্ঝর জানান, ছবির গল্পে কৌশিক গাাঙ্গুলী থিয়েটার জগতের নামকরা ব্যক্তিত্ব অঞ্জন।

বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকলেও অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েনি। সৌরভ দাস ওরফে ডিকে ভবঘুরে মানুষ। শবনম বুবলীর পর্দা নাম শ্বেতা।

কলকাতার পাশাপাশি ভারতের পাহাড়ি এলাকায় হবে শুটিং। ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় চলতি বছরই ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, জানিয়েছেন পরিচালক রাশেদ রাহা। শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ