কাজী সালাউদ্দীনের পদত্যাগ চায় বিএফইউজে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাজী সালাউদ্দীনের পদত্যাগ চায় বিএফইউজে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ

 

‘সাংবাদিকদের বাপের জুতা পরা ছবি নিয়ে ফুটবল ফেডারেশনে আসতে হবে’ -বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের এমন বক্তব্যে তীব্র নিন্দা ও পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বুধবার (০৩ মে) সংগঠনের দপ্তর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, দেশের ফুটবল সংস্থার শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এই বক্তব্য দেয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে দেশবাসী সন্দিহান হয়ে পড়েছে। কাজী সালাউদ্দীনের দায়িত্ব পালনকালে দেশের জনপ্রিয় এই খেলার মান প্রতিনিয়ত নিম্নগামী। র‌্যাংকিং-এ বাংলাদেশের অবস্থা প্রায় সবার নিচে।

বিবৃতিতে আরও বলা হয়, অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বাফুফে। যার সাম্প্রতিক প্রমাণ ফিফার নিষেধাজ্ঞা। বিভিন্ন সময়ে এসব খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত। যার বহিঃপ্রকাশ ঘটেছে তার সবশেষ মন্তব্যে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষণ্ন করার পর বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করে বিএফইউজে।

এর আগে, গত ০২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের বাবা-মাকে কটাক্ষ করে কাজী সালাউদ্দীন বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মা’র।’ বাফুফের অন্য সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রতুত্যরে তিনি বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ এজন্য পরে এক ভিডিও বার্তায় ক্ষমাও চান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ