কানাডায় পাঠানোর নাম করে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানাডায় পাঠানোর নাম করে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

 

কানাডায় পাঠানোর নাম করে প্রতারণা করা প্রতারক রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই দাবি জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগি মো. সাইফুর রহমান বলেন, ‘দুই বছর আগে কানাডা সরকার তাদের অভিবাসন বৃদ্ধির ঘোষণা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ভিডিও ও বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। আমরা কানাডা যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকি। এর মধ্যে আমাদের চোখে পড়ে ‘জাস্ট ফর ইউ’ নামের একটি ইউটিউব চ্যানেল। সেখানে কানাডা যাওয়ার বিভিন্ন চটকদার বিজ্ঞাপন আমাদের নজরে আসে। সেই ইউটিউব চ্যানেলে দেওয়া হোয়াটস অ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করি এবং কানাডা যাওয়ার আগ্রহ প্রকাশ করি।

তিনি আরও বলেন, হোয়াটস আ্যাপ নাম্বারে যোগাযোগ করার পর প্রতারক রফিকুল ইসলাম নিজে কানাডা থাকে বলে দাবি করে এবং নিজের কোম্পানিতে কাজ দেবে বলে আমাদের আশ্বস্ত করে। কথা মোতাবেক আমরা তাকে বিভিন্ন সময়ে তিন-চার কিস্তিতে টাকা দেই। আমাদের অনেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বায়োমেট্রিক দিয়েছে, কেউ কেউ মেডিকেল করেছে।

সাইফুর রহমান বলেন, একটা সময় আমাদের ভুল ভাঙতে শুরু করে। জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব জিয়া হাসান ও কাজী হাসান এই প্রতারক রফিকুল ও তার ভাই শফিকুলের প্রতারণার বিষয়টি সবার নজরে আনেন৷ আমরা জানতে পারি এই দুই প্রতারক ভাই ভুয়া কোম্পানি দেখিয়ে ভুয়া কাগজপত্র ও চাকরির অফার দেয়।

মো. সাইফুর রহমান আরও বলেন, আমাদের পরিচিত কানাডা প্রবাসী এক ভাই প্রতারক রফিক ও শফিকের বর্তমান অবস্থান খুঁজে বের করেছেন। এই দুই ভাই বর্তমানে বিনিয়োগ ভিসাতে ইন্দোনেশিয়ায় বসবাস করছেন। তারা হুন্ডিতে করে বিদেশে টাকা পাচার করছেন। রাজধানীর উত্তরা ও গাইবান্ধাতে প্রচুর অবৈধ সম্পদ গড়েছে।

তিনি বলেন, রফিকুল ইসলামের চার স্ত্রীর একজন গাইবান্ধা, একজন ইন্দোনেশিয়া, একজন দুবাই ও একজন ঢাকায় থাকে। শফিকুলের স্ত্রী ইন্দোনেশিয়ায় থাকে। তারা দুই ভাই আমাদের টাকায় ইন্দোনেশিয়ায় নারকেল-বাগান ইজারা নিয়েছে। তারা ভিজিট ভিসায় এখন কানাডায় ঢোকার চেষ্টা করছে৷

তিনি আরও বলেন, আমরা যারা প্রতারিত হয়েছি তাদের দাবি রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের ভিসা বাতিল করে আইনের আওতায় আনা হোক এবং আমাদের কষ্টার্জিত টাকা উদ্ধার করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মোতালেব, সাজেদুল, দিদারুল ইসলাম, রুহুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ