কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে আবার তার বিপক্ষেই অবস্থান নিয়েছে। আমরা বলব, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নাসির ভাই আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে ‘আমরা ডিভোর্স দিতে চাই’। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।”

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদের মাঝে মধ্যে পরামর্শ দেন যে, আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল। আমরা আপনাদের বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর রাখে না। এ কারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে, কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের প্রবীণ প্রজন্ম স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই আজ আমাদের রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।’

এ সময় এনসিপির এ নেতা বলেন, “সংস্কারের বিপক্ষে যারা ‘না’-এর অবস্থান নিয়েছে তাদের আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।”

এর আগে, লাকসাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ