কারও স্বার্থ রক্ষায় রাজনীতি করি না : জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, কারও স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনগণের স্বার্থ রক্ষার জন্য। জনগণের পছন্দে জনপ্রতিনিধি হতে হবে। আমরা জনগণের সব অধিকার রক্ষা করতেই রাজনীতি করছি। আমরা কোনো দলের বি-টিম নই।
আজ সোমবার জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, আমরা লক্ষ-কোটি টাকা ব্যয়ে খেলনা বানাচ্ছি। দেখার জন্য দৃষ্টি নন্দন শোভা বানাচ্ছি। দেশের মানুষের আয় বাড়ছে না কিন্তু প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়েই চলছে। সাধারণ মানুষ সংসার চালাতে পারছে না। গরুর মাংস প্রায় ৮০০ টাকা হয়েছে। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। গ্রামের মানুষ বাজার করতে পারছে না। খুব সামান্য মানুষ ভালো আছেন। দেশের বেশির ভাগ মানুষই অবর্ণনীয় কষ্টে আছেন।
এ সময় হজের বিষয়ে তিনি বলেন, দুর্নীতির কারণেই হজ যাত্রীদের জন্য জনপ্রতি প্রায় সাত লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য খরচসহ এটা ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আগে হজ নিবন্ধনের জন্য মানুষ তদবির করত, এখন হাজার হাজার মানুষ নিবন্ধন বাতিল করছে।
২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৭ হাজার মানুষ হজের জন্য নিবন্ধন করেছিল উল্লেখ করে জি এম কাদের বলেন, সময় বাড়ানোর কারণে এখন মাত্র ৫০ হাজারের কিছু বেশি মানুষ নিবন্ধন করেছে। অথচ, পাশের দেশগুলোতে প্রায় অর্ধেক খরচে মানুষ হজ পালন করতে পারছে। আমরা চাই, ১ লাখ ২৭ হাজার জনই যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। হজ ফান্ড করতে হবে। মানুষ যেন অর্ধেক খরচে হজে যেতে পারেন, সে উদ্যোগ সরকারকেই নিতে হবে।
জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাবেক এমপি গোলাম রব্বানী।
জনতার আওয়াজ/আ আ