কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব ও অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘আমদানি কার্গোতে বিভিন্ন পণ্য একত্রিত থাকে। এসব পণ্য পুড়ে ধ্বংস হয়েছে। আগুনে মোট কতটা ক্ষতি হয়েছে-তা অর্থমূল্য ও ওজনের ভিত্তিতে নির্ধারণের চেষ্টা চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতিরও হিসাব করা হচ্ছে।’

যদি কোথাও কোনো ব্যত্যয় থেকে থাকে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যোগ করেন বাণিজ্য উপদেষ্টা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার ইতোমধ্যে একটি নির্দেশনা জারি করেছে উল্লেখ করে বেসরকারি বিমান, পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগামী তিন দিন যেসব নন-সিডিউল অতিরিক্ত ফ্লাইট আসবে ও যাবে, সেগুলোর সব ধরনের খরচ মওকুফ করা হয়েছে। আগুনের কারণে যেসব ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

ফায়ার সার্ভিসকে অনুমতি না দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘দীর্ঘক্ষণ আটকে থাকার অভিযোগটি সঠিক নয়। বিমানবন্দরের ভেতরে অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে। আপনারা জানেন, এটি একটি কেপিআইভুক্ত এলাকা; এখানে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।’

আগুনের ঘটনায় সম্ভাব্য সব অভিযোগ আমলে নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আগুনের পূর্ব ও পরবর্তী অবস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন চেষ্টা করবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘শনিবার (১৮ অক্টোবর) রাতেও বাণিজ্যিক কার্গো এসেছে। বাণিজ্যিক স্বার্থে এসব কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়। তৃতীয় টার্মিনাল এলাকায় বিকল্প স্থান দেওয়া হয়েছে, যাতে পণ্য পরিবহন কার্যক্রম চালু থাকে।’

তিনি বলেন, ‘যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ইনস্যুরেন্স কাভারেজ ও বিমানবন্দরের নিজস্ব বিমা ব্যবস্থার আওতায় কীভাবে সহায়তা দেওয়া যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ